নিজস্ব সংবাদদাতা : বালি পাচার রুখতে এবার কড়া পদক্ষেপ নিল রাজগঞ্জ থানার বেলাকোবা ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার ভোরে বেলাকোবা বটতলা রোডে নাকা চেকিংয়ের সময় দুটি বালিবোঝাই ডাম্পার আটক করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ডাম্পার দুটি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত নাকা চেকিংয়ের অংশ হিসেবে এদিন ভোরে সন্দেহজনক ওই ডাম্পার দুটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ চালকদের কাছে বালি পরিবহণের বৈধ নথিপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। এছাড়া, নিয়ম ভেঙে ডাম্পার দুটিতে অতিরিক্ত পরিমাণে বালি বোঝাই করা ছিল বলেও অভিযোগ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ গাড়ি দুটি বাজেয়াপ্ত করে এবং দুই চালককে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করে আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।
বেলাকোবা ফাঁড়ির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এলাকায় অবৈধ বালি পাচার ও ওভারলোডিং সম্পূর্ণভাবে বন্ধ করতে আগামী দিনেও এই ধরনের অভিযান ও কড়া নাকা চেকিং অব্যাহত থাকবে।