শিলিগুড়ি,১৩ মে: অবৈধ নদী খাদানের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে পাঁচটি গাড়িও। যদিও পুলিশের হানা টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও কয়েকজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাজু শর্মা (৪১)।তিনি মিলন মোড় এলাকার বাসিন্দা।
অভিযোগ,গত কয়েকদিন ধরে বৌবাজার মিলিটারি এলাকায় অবৈধভাবে নদী খাদানের কাজ চলছিল।বিষয়টি নিয়ে পুলিশের কাছে গোপন সূত্রে খবর পৌঁছায়।সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে প্রধাননগর থানার পুলিশ এলাকায় অভিযান চালায়।পুলিশ পৌঁছতেই অভিযুক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।ঘটনাস্থল থেকেই রাজু শর্মাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।পাশাপাশি খাদানের কাজে ব্যবহৃত পাঁচটি গাড়িও আটক করা হয়।তবে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় বাকি কয়েকজন।
পুলিশ জানিয়েছে,ধৃতকে বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পলাতকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।