শিলিগুড়ি,২৫ মে: ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি কলেজ চত্বর। সোমবার সকালে কলেজে হেল্প ডেস্ক বসানোকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) ও এবিভিপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় টিএমসিপির ছাত্রনেতা বিবেক ঝা গুরুতর জখম হন। তাঁকে দ্রুত উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, ভর্তি প্রক্রিয়ার সময় পড়ুয়াদের সহায়তার জন্য হেল্প ডেস্ক খোলাকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারির আকার নেয়। কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
টিএমসিপির অভিযোগ, এবিভিপি কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাদের হেল্প ডেস্ক ভাঙচুর করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি।
তাদের দাবি, এটি টিএমসিপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ চত্বরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।