শিলিগুড়ি,২৩ মে: শহরে ফের মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। শিলিগুড়ি পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম রঞ্জিত সিং।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রঞ্জিত সিং নিজের বাড়িতে দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালাচ্ছিল। শনিবার সেই গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে হানা দিলে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। পাশাপাশি উদ্ধার হয়েছে কিছু নগদ টাকাও, যা এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে।
এরপরই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।