শিলিগুড়ি, ১৭ আগস্ট: শহরের অন্যতম ব্যস্ত এলাকা সেভক রোডে আচমকাই অভিযান চালাল শিলিগুড়ি পুরনিগম। প্রণামী মন্দির সংলগ্ন এলাকা থেকে শুরু করে গোটা সেভক রোড জুড়ে এই সারপ্রাইজ ভিজিটে নেতৃত্ব দেন পুরকমিশনার বীর বিক্রম রাই।
অভিযান চলাকালীন পুরনিগমের নজরে আসে, একাধিক জায়গায় দোকানের সামনে ড্রেন ঢেকে বা বন্ধ করে রাখা হয়েছে। এর ফলে নিকাশি ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত ঘটছে এবং বিভিন্ন স্থানে জল জমে থাকার সমস্যাও তৈরি হচ্ছে।
পুরকমিশনার বীর বিক্রম রাই জানান, “ড্রেন ব্লক থাকার কারণে জল জমে থাকলে তা মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। এতে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কা বাড়ে। তাই ড্রেন পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, পুরনিগমের নিয়ম ভেঙে যেসব অবৈধ দখল বা নির্মাণ করা হয়েছে, সেগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ড্রেন বন্ধ করে ব্যবসা চালানোর মতো অনিয়ম একেবারেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি।
পুরনিগম সূত্রে খবর, খুব শিগগিরই নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হতে পারে। শহরের নিকাশি ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।