শিলিগুড়ি,১১মে: শিলিগুড়ি মহাবীরস্থান ফুলবাজারে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দূর-দূরান্ত থেকে আসা বহু ফুল ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এই বাজারে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে বলেই অভিযোগ উঠেছে। টাকা না দিলে বাজারে দোকান করতে দেওয়া হয় না বলেও দাবি ব্যবসায়ীদের একাংশের।
মূলত ফুল, বেলপাতা, দুব্বা সহ পুজোর সামগ্রী বিক্রি করেই সংসার চালান এই ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফলে অতিরিক্ত টাকা দেওয়ার চাপ তাদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠছে বলে জানান তারা।
এই অভিযোগ সামনে আসতেই আজ ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকেরা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানার চেষ্টা করেন তারা। পাশাপাশি, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নাম সংগ্রহ করা হয় বলে জানা গিয়েছে।
বিজেপি নেতৃত্বের দাবি, খুব শীঘ্রই বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং বাজারে কোনওরকম তোলাবাজি চলতে দেওয়া হবে না। সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাসও দেন তারা।