শিলিগুড়ি, ১১ মে: দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে তথাকথিত ‘সিন্ডিকেট রাজ’-এর অভিযোগ তুলে আসছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সেই অভিযোগের প্রেক্ষিতেই সোমবার একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিজেপির কর্মী-সমর্থকেরা শিলিগুড়ির দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালান।
অভিযোগ, ওই এলাকায় কয়েকটি ট্যুর ও ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অনিয়ম চলছে। ঘটনাস্থলে পৌঁছে বিজেপি কর্মীরা সংশ্লিষ্ট এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং তাদের লাইসেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র দেখতে চান।
বিজেপির দাবি, প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গিয়েছে যে বেশ কয়েকটি এজেন্সির কাছে বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে উপস্থিত নেই। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই এ ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চলতে পারছে। তাঁদের কথায়, “ট্যুর ও ট্রাভেলের আড়ালে সিন্ডিকেট চালিয়ে অবৈধভাবে টাকা তোলা হচ্ছিল। আমরা এই বেআইনি আদায় বন্ধ করবই।”
অন্যদিকে, অভিযুক্ত এজেন্সির এক সদস্য সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, তারা কোনও সিন্ডিকেট চালায় না এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও ভিত্তিহীন।
এ বিষয়ে কয়েকজন গাড়িচালকের বক্তব্য, প্রতিটি গাড়ি থেকে প্রায় ১০০ টাকা করে নেওয়া হতো বলে তাঁদের অভিযোগ। তাঁদের দাবি, “এক ধরনের সিন্ডিকেটের মাধ্যমেই এই টাকা আদায় করা হতো। এই প্রথা বন্ধ হলে আমরা স্বস্তি পাব।”