শিলিগুড়ি,১৩ মে: কেরালায় চার কোটি টাকার নার্কটিক্স মামলায় বড় সাফল্য পেল পুলিশ। এই মামলায় শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হল দুই অভিযুক্তকে। ধৃতদের নাম হিরণ কে.কে এবং আরোমাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনেই কেরালার বাসিন্দা।
জানা গিয়েছে, গত মাসে কেরালায় একটি বড়সড় মাদক পাচার চক্রের হদিশ মেলে। সেই ঘটনায় এই দুই অভিযুক্তের নাম উঠে আসার পর থেকেই তারা পলাতক ছিল। তাদের ধরতে কেরালা পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে এবং শুরু হয় তল্লাশি অভিযান।
তদন্তে প্রথমে জানা যায় অভিযুক্তরা গুজরাটে লুকিয়ে রয়েছে। সেই সূত্র ধরে সেখানে পৌঁছয় কেরালা পুলিশের দল। কিন্তু সেখানে গিয়ে জানা যায়, অভিযুক্তরা ইতিমধ্যেই গুজরাট ছেড়ে শিলিগুড়িতে পালিয়ে এসেছে।
পরবর্তীতে গোপন সূত্রে খবর পেয়ে জানা যায়, শিলিগুড়ির সেবক রোড এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে তারা। এরপর কেরালা পুলিশের দল ভক্তিনগর থানার পুলিশের সহযোগিতায় যৌথভাবে অভিযান চালায়। অভিযানে দুই অভিযুক্তকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে কেরালায় ফেরত নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেরালা পুলিশ।