শিলিগুড়ি,১৩ মে: বুধবার ভোর রাতে শিলিগুড়ি সংলগ্ন পতিরাম জোতের,অনিল নগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভশ্বভূত হয়ে গেল দীর্ঘ দিনের পুরনো ফার্নিচার তৈরি এই কারখানা। মালিকপক্ষের দাবি কয়েক কোটি টাকার ফার্নিচার পুড়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোররাতে এলাকার মানুষ প্রথমে দেখতে পায় আগুনের লেলিহান শিখা এই কারখানাটিকে গ্রাস করেছে। দমকলে খবর দেওয়া হলে রাস্তা না থাকার কারণে দমকলের পৌঁছতে বেশ কিছুটা সময় লাগে।
দমকল পৌঁছানোর আগেই আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে স্থানীয় মানুষ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না। পরবর্তীতে দমকলের একটি ছোট ইঞ্জিন ঘুর পথে এলাকায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ।