শিলিগুড়ি, ১৩ মে: শিলিগুড়ির ইন্দিরা গান্ধী ময়দানের সামনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম দীপক সিং, তিনি বিহারের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে শিলিগুড়িতে এক বন্ধুর বাড়িতে থেকে কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দীপক সিং তাঁর এক বন্ধুর সঙ্গে বাইক নিয়ে ওই এলাকায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি বাইক সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম হন দীপক।
দুর্ঘটনার পর দ্রুত তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে অভিযুক্ত চালক সুযোগ বুঝে পালিয়ে যায়। ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এদিকে মৃতের বন্ধুরা অভিযোগ করেছেন, জেলা হাসপাতালে যথাযথ চিকিৎসা করা হয়নি। তাঁদের দাবি, হাসপাতালের এক আধিকারিক অভিযুক্তের ঘনিষ্ঠ হওয়ায় ইচ্ছাকৃতভাবে চিকিৎসায় গাফিলতি করা হয়েছে এবং অভিযুক্তকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে বুধবার মৃতের পরিবার ও বন্ধুরা ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার পরই বিহার থেকে মৃতের পরিবারের সদস্যরা শিলিগুড়িতে এসে পৌঁছেছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।