শিলিগুড়ি, ২১ আগস্ট: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কন্যাকুমারী-বিবেক এক্সপ্রেস থেকে চার রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করল রেল পুলিশ। নিউ জলপাইগুড়ি স্টেশনে শিলিগুড়ি জিআরপির এসওজি দল ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
ধৃতদের নাম ২৩ বছরের এনামুল হোসেন, ২০ বছরের নূর কাহিমা, ২৩ বছরের এনায়েত উল্লাহ এবং ২১ বছরের জাইনু বিবি।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজন ২০১৭ সাল থেকে বাংলাদেশের কক্সবাজারের জামতলী ও কুতুপালং শরণার্থী শিবিরে বসবাস করছিলেন। পুলিশের অভিযোগ, গত ১৯ আগস্ট তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ২০ আগস্ট গুয়াহাটি থেকে বিজয়ওয়াড়ার উদ্দেশে ২২৫০৪ ডাউন কন্যাকুমারী-বিবেক এক্সপ্রেসে ওঠেন।
গোপন সূত্রে খবর পাওয়ার পর তাঁদের গতিবিধির উপর নজর রাখছিল রেল পুলিশ। এরপর নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন পৌঁছতেই যৌথভাবে অভিযান চালানো হয়। সেখান থেকেই চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাইয়ের পর গ্রেপ্তার করা হয়।
শুক্রবার চারজনকেই জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। কীভাবে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলেন, তাঁদের যাতায়াতের পেছনে কারও সহযোগিতা ছিল কি না এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—সবকিছুই খতিয়ে দেখছে রেল পুলিশ।
বিশেষ করে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পর তাঁদের যাত্রাপথ এবং কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল, তা তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই বিষয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ঘটনাকে কেন্দ্র করে রেলপথে নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রুখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।