শিলিগুড়ি, ২১ আগস্ট: মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে থারুঘাঁটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কেজি মাদকসহ দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুলেখা খাতুন ও সুপ্রভা চক্রবর্তী। সুলেখা মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা এবং সুপ্রভা নক্সালবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশের দাবি, থারুঘাঁটি এলাকায় মাদক লেনদেনের পরিকল্পনা করা হয়েছিল। সেই খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহজনক অবস্থায় দুই মহিলাকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের হাতে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের অনুমান, মালদা থেকে মাদক নিয়ে শিলিগুড়িতে এসে ফারাবাড়ি এলাকায় তা হাতবদলের পরিকল্পনা ছিল ধৃতদের। তবে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং মাদকের মূল উৎস কোথায়, তা খতিয়ে দেখছে পুলিশ।
গ্রেফতার হওয়া দুই মহিলাকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনার পর মাদক পাচার চক্রের বিরুদ্ধে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধান এবং মাদক পাচারের পুরো নেটওয়ার্কের হদিশ পাওয়ার চেষ্টা চলছে।
মাদক পাচারের বিরুদ্ধে শিলিগুড়ি পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবেই দেখছে পুলিশ মহল।