অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, জরিমানা ও সামগ্রী বাজেয়াপ্ত
শিলিগুড়ি, ১৮ নভেম্বর: শহরকে যানজটমুক্ত রাখতে ফের বিশেষ অভিযানে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ড। বুধবার শিলিগুড়ির কোর্ট মোড় সংলগ্ন এলাকা থেকে বাঘাযতীন কোর্ট পর্যন্ত রাস্তায় এই অভিযান চালানো হয়। পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের ওসি র নেতৃত্বে চলে এই বিশেষ অভিযান।
অভিযানের মূল লক্ষ্য ছিল রাস্তার উপর বেআইনি পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা এবং রাস্তার একাংশ আটকে রেখে যান চলাচলে বাধা সৃষ্টির প্রবণতা বন্ধ করা। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গাড়ি পার্কিং ও রাস্তার উপর দোকানের সামগ্রী রেখে ব্যবসা চালানোর কারণে যানজটের সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ। এদিন ট্রাফিক পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে নেমে দখলমুক্ত করার পাশাপাশি বেআইনিভাবে পার্কিং করা গাড়ির বিরুদ্ধে চালান কাটেন। বিভিন্ন গাড়ির প্রয়োজনীয় নথিপত্রও পরীক্ষা করা হয়। রাস্তা দখল করে রাখা একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
পাশাপাশি, কয়েকটি হোটেল ও খাবারের দোকানে বাণিজ্যিক গ্যাসের পরিবর্তে গৃহস্থের ব্যবহারের এলপিজি সিলিন্ডার ব্যবহারের অভিযোগ সামনে আসে। অভিযান চলাকালীন এমন সিলিন্ডারও বাজেয়াপ্ত করা হয়। এক ব্যবসায়ীর দাবি, বাণিজ্যিক সিলিন্ডার না থাকায় সাময়িকভাবে গৃহস্থের সিলিন্ডার ব্যবহার করেছিলেন।
ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার কয়েকজন বাসিন্দা। তাঁদের মতে, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা গেলে সাধারণ মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে। শহরের যানজট নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।