দার্জিলিং: স্বপ্নপূরণের আনন্দের পাশাপাশি সমাজসেবার বার্তা বৃহত্তর দর্শকমহলে পৌঁছে দেওয়ার সুযোগ পেল দার্জিলিংয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনিক ফাউন্ডেশন’। জি বাংলার জনপ্রিয় ক্যুইজ শো ‘দাদাগিরি’-র মঞ্চে অংশগ্রহণ করলেন সংগঠনের কর্ণধার শ্রী শক্তি পাল ও তাঁর স্ত্রী শ্রীমতি গীতিকা পাল। তাঁদের এই অংশগ্রহণের মধ্য দিয়ে সংগঠনের দীর্ঘদিনের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ও মানবিক উদ্যোগের কথা তুলে ধরার সুযোগ তৈরি হয়।
দার্জিলিংয়ের প্রান্তিক, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ইউনিক ফাউন্ডেশন। প্রাকৃতিক দুর্যোগের সময় বিপন্ন মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া সংগঠনের অন্যতম প্রধান উদ্যোগ। সম্প্রতি অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দুর্গম এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেয় সংগঠনের সদস্যরা।
এছাড়াও বাড়ি বাড়ি ঘুরে অব্যবহৃত অথচ ব্যবহারযোগ্য পোশাক সংগ্রহ করে তা দরিদ্র ও বস্ত্রহীন মানুষের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, জনসচেতনতামূলক কর্মসূচি এবং সুবিধাবঞ্চিত মানুষের দক্ষতা উন্নয়নেও কাজ করে চলেছে তারা।
সংগঠনের মূল লক্ষ্য অসহায় ও পিছিয়ে পড়া মানুষকে স্বনির্ভর করে তোলা এবং তাঁদের সামনে নতুন সম্ভাবনার পথ তৈরি করা। সেই উদ্দেশ্যেই ‘দাদাগিরি’র মতো জনপ্রিয় টেলিভিশন মঞ্চকে কাজে লাগিয়ে নিজেদের সামাজিক কর্মকাণ্ডের কথা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন শক্তি পাল ও গীতিকা পাল।
ইউনিক ফাউন্ডেশনের ভাবনায়, দাদাগিরি শুধু সাহস, আত্মবিশ্বাস কিংবা প্রতিযোগিতায় জয়ী হওয়ার নাম নয়। প্রকৃত দাদাগিরি হলো বিপদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবতার সেবা করা এবং অন্যের মুখে হাসি ফোটানো।
সংগঠনের মূলমন্ত্র, “নিজের জন্য বাঁচা নয়, অন্যের জীবনে একটু ভালো থাকার কারণ হয়ে ওঠাই জীবনের শ্রেষ্ঠ অর্জন।” তাঁদের এই উদ্যোগের মধ্য দিয়েই স্পষ্ট, দাদাগিরি শুধু টেলিভিশনের মঞ্চে নয়, মানুষের সেবার মধ্যেও।