পৌরনিগমের অনুমোদন ছাড়াই টাকা আদায়ের অভিযোগ, দর্শনার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ১০ টাকার চিরকুট
শিলিগুড়ি: জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়ে বাইক পার্কিংয়ের জন্য দিতে হচ্ছে ১০ টাকা। শিলিগুড়ি জংশনের রেলওয়ে ইনস্টিটিউট মাঠে আলিঙ্গনের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এই পার্কিং ফি আদায়ের ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, পুজোমণ্ডপের বাইরে রাস্তার দু’ধারে বাইক রাখলেই দর্শনার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে।
চিরকুটে পার্কিং ফির উল্লেখ : টাকা নেওয়ার পর দর্শনার্থীদের হাতে দেওয়া হচ্ছে একটি ছোট চিরকুট। তাতে লেখা রয়েছে, ‘জগদ্ধাত্রী পূজা পার্কিং ১০ টাকা বাইক’। তবে সেখানে কোনও সংস্থার নাম, সরকারি অনুমোদন বা পার্কিং ব্যবস্থার বৈধতা সংক্রান্ত তথ্য উল্লেখ নেই। ফলে কার অনুমতিতে এবং কোন অধিকারে এই টাকা আদায় করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শনার্থীদের একাংশ।
অনুমোদন না থাকার কথা স্বীকার উদ্যোক্তাদের : পুজো উদ্যোক্তাদের দাবি, এলাকার স্থানীয় যুবকেরা ভিড় নিয়ন্ত্রণ ও যানবাহন পরিচালনার দায়িত্ব পালন করেন। তাঁদের পারিশ্রমিকের জন্যই এই অর্থ সংগ্রহ করা হয়। আলিঙ্গনের পুজোর কনভেনার নির্মল বাগচী জানিয়েছেন, এটি ক্লাবের নিজস্ব উদ্যোগে স্থানীয় যুবকদের মাধ্যমে পরিচালিত হয়। তবে এই পার্কিং ব্যবস্থার জন্য শিলিগুড়ি পৌরনিগমের কোনও অনুমোদন নেওয়া হয়নি বলেও উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।
উঠছে প্রশাসনিক অনুমতির প্রশ্ন : নিয়ম অনুযায়ী, সরকারি রাস্তার কোনও অংশে পার্কিং ব্যবস্থা চালু করে ফি আদায় করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। পাশাপাশি নির্দিষ্ট প্রক্রিয়া মেনে পার্কিং পরিচালনার ব্যবস্থা করতে হয়। সে ক্ষেত্রে রেলওয়ে ইনস্টিটিউট মাঠ সংলগ্ন এলাকায় পার্কিং ফি আদায়ের জন্য রেল কর্তৃপক্ষের অনুমতি রয়েছে কি না, সেই প্রশ্নও উঠছে।
দর্শনার্থীদের বক্তব্য, ১০ টাকা খুব বড় অঙ্ক না হলেও প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের কাছ থেকে এই অর্থ সংগ্রহ হলে মোট পরিমাণ যথেষ্ট হতে পারে। তাই আদায় করা টাকার হিসাব ও পার্কিং ব্যবস্থার বৈধতা নিয়ে স্বচ্ছতা জরুরি। এখন শিলিগুড়ি পৌরনিগম ও রেল কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে শহরবাসী।