শিলিগুড়ি, ১৭ আগস্ট: উচ্ছেদ ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শিলিগুড়ি। জীবন-জীবিকা, বাসস্থান ও শিশুর অধিকার রক্ষার দাবিতে আগামী ১৯ আগস্ট উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে ডাবগ্রাম-ফুলবাড়ী ও শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি। একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আন্দোলনকারীদের কর্মসূচি শুরু হবে এনজেপি এডিআরএম অফিসের সামনে থেকে। সেখান থেকে মিছিল গেট বাজার, তিনবাত্তি মোড় হয়ে উত্তরকন্যার দিকে যাবে। সেখানে প্রশাসনিক আধিকারিকদের হাতে স্মারকলিপি তুলে দেওয়ার কথা রয়েছে।
সংগঠনের অভিযোগ, রেলের উচ্ছেদ নোটিশের জেরে বহু সাধারণ মানুষের জীবন-জীবিকা ও বাসস্থান অনিশ্চয়তার মুখে পড়েছে। তাঁদের দাবি, এর আগে নোটিশ দিয়ে হিয়ারিংয়ের জন্য ডাকা হলেও বর্তমানে সরাসরি উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে বসবাসকারী বহু পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।
আন্দোলনকারীদের মূল দাবি, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনওভাবেই উচ্ছেদ করা যাবে না। পাশাপাশি সাধারণ মানুষের জীবন-জীবিকা ও শিশুদের ভবিষ্যৎ সুরক্ষার দাবিও তোলা হয়েছে।
যৌথ আন্দোলন কমিটির বক্তব্য, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং উচ্ছেদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ১৯ আগস্টের উত্তরকন্যা অভিযানকে ঘিরে প্রশাসনিক মহলেও নজর রয়েছে।