শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বর: শহরের যানজট সমস্যা কমাতে এবং নাগরিক পরিষেবার মান উন্নত করতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো শিলিগুড়িতে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন মেলা গ্রাউন্ডে বহুমুখী নতুন পার্কিং লট নির্মাণের কাজের শুভ শিলান্যাস সম্পন্ন হয়েছে।
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গড়ছে আধুনিক পার্কিং লট, মেলা প্রাঙ্গনে বদলাচ্ছে চিত্র
শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বর : শহরের দীর্ঘদিনের পার্কিং সমস্যা সমাধানে বড় পদক্ষেপ নিল প্রশাসন। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন মেলা প্রাঙ্গনে স্থায়ী পার্কিং লট নির্মাণের কাজের শুভ শিলান্যাস করলেন রাজ্যের পর্যটন ও সংসদীয় বিষয়ক দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ডঃ শংকর ঘোষ। এদিন প্রদীপ প্রজ্বলন ও নারকেল ফাটিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই, ডিসিপি ট্রাফিক কাজি সামসুদ্দিন আহমেদ, এসিপি ট্রাফিক সুবীর দত্ত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
জানা গিয়েছে, প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে এই আধুনিক পার্কিং লট নির্মাণ করা হবে। মূলত বিধান মার্কেট ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের যানজট ও পার্কিং সমস্যার স্থায়ী সমাধান করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এলাকায় আংশিক পার্কিং পরিষেবা চালু হয়েছে, তবে পরিকাঠামো আরও উন্নত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
ডঃ শংকর ঘোষ জানান, পুজোর আগেই পার্কিং ব্যবস্থার একটি বড় অংশ চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে এবং আগামী ১৫ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ফলে, এতদিন যে মেলা প্রাঙ্গনে বিভিন্ন মেলার আয়োজন হত, ভবিষ্যতে সেটি মূলত পার্কিং পরিকাঠামো হিসেবেই ব্যবহৃত হবে।
এছাড়াও শহরের যানজট কমাতে বড় ভলভো বাস চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। শহরের বাইরে নির্দিষ্ট স্থানে বাসগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রায় সাড়ে ৩ কোটি টাকার প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং আগামী ২৮ তারিখে তার উদ্বোধন হবে।
পাশাপাশি, শহরের বিভিন্ন মেলার জন্য আলাদা নির্দিষ্ট স্থান চিহ্নিত করার ইঙ্গিত দেন তিনি। পুজোর পর থেকে শহরের কেন্দ্রে নয়, বরং পর্যাপ্ত পার্কিং সুবিধাযুক্ত এলাকাতেই মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিশ্ব বাংলা শিল্পী হাটকেও ভবিষ্যতে এই ধরনের আয়োজনের জন্য ব্যবহার করার ভাবনা রয়েছে বলে জানান মন্ত্রী।
এদিন অবৈধ নির্মাণ ও রাস্তা দখল করে বেআইনিভাবে ব্যবসা করার বিরুদ্ধেও কড়া বার্তা দেন তিনি। প্রশাসনের এই উদ্যোগে শহরের যানজট সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।