আনুমানিক বাজারমূল্য ৫৬ লক্ষ টাকা, গ্রেফতার এক
ফালাকাটা : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কফ সিরাপ পাচারের বড়সড় চক্রের সন্ধান পেল ঘোকসাডাঙা থানার পুলিশ। ফালাকাটা থেকে ঘোকসাডাঙা হয়ে পুন্ডিবাড়ির দিকে যাওয়ার পথে একটি বড় লরি আটক করে পুলিশ। লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মোট ২৪ হাজার ৬৯৩ বোতল নিষিদ্ধ কফ সিরাপ। উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ লক্ষ টাকা।
গোপন সূত্রে খবর পেয়েই পুলিশের অভিযান : পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে, একটি বড় লরিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে ফালাকাটা থেকে ঘোকসাডাঙা হয়ে পুন্ডিবাড়ির দিকে যাওয়া হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ঘোকসাডাঙা থানার পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন লরিটিকে আটক করে। এরপর লরিতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ।
মধ্যপ্রদেশ থেকে আসছিল বিপুল পরিমাণ সিরাপ : এই ঘটনায় আসিস কুমার পাণ্ডে (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মধ্যপ্রদেশ থেকে ওই বিপুল পরিমাণ কফ সিরাপ নিয়ে আসছিলেন। তবে কোথায় এবং কার কাছে এই নিষিদ্ধ সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়।
পাচারচক্রের জাল কতদূর, তদন্তে পুলিশ : এত বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপের উৎস ও গন্তব্য নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, এর পিছনে কোনও বড় আন্তঃরাজ্য চক্র কাজ করছে কি না এবং এই কারবারের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
একটি লরিতে এত বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তদন্তে এই পাচারচক্রের আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।