শিলিগুড়ি,১৪ মে নিজস্ব সংবাদদাতা : পথ দুর্ঘটনা রুখতে এবার অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। যমরাজ সেজে রাস্তায় নেমে সাধারণ মানুষকে হেলমেট ব্যবহারের গুরুত্ব বোঝাল এনজেপি ট্রাফিক গার্ড।
রাজ্যের পালাবদলের পর থেকেই দুর্ঘটনায় মৃত্যুর হার কমাতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সেই নির্দেশ মেনেই এবার কঠোরভাবে হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। মোটরবাইক বা স্কুটি চালানোর ক্ষেত্রে চালক ও আরোহী—দুজনেরই হেলমেট পরা এখন বাধ্যতামূলক। নিয়ম ভাঙলেই গুনতে হবে জরিমানা।
শুধু আইন প্রয়োগ নয়, মানুষকে সচেতন করতেই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। বাইক আরোহীদের হাতে চকলেট তুলে দিয়ে বার্তা দেওয়া হয়—“নিরাপদে চালান, হেলমেট পরুন।”
অভিযানের সময় বহু চালকই স্বীকার করেন, এতদিন অসচেতনতার কারণে হেলমেট ব্যবহার করেননি। তবে এবার থেকে নিয়ম মেনে চলার আশ্বাস দেন তাঁরা।
অন্যদিকে, এনজেপি ট্রাফিক গার্ডের তরফে ভিআইপি মোড় এলাকাতেও বিশেষ প্রচার চালানো হয়। সেখানে যমরাজ সেজে এক ট্রাফিক কর্মী পথচারী ও চালকদের উদ্দেশে বার্তা দেন—
“হেলমেট পরুন, নাহলে যে কোনও দিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।”
এ বিষয়ে ট্রাফিকের এসিপি অর্নিবান মজুমদার জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশ এসেছে। কেউ ট্রাফিক আইন অমান্য করলে আগামী দিনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানাও করা হবে।