নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৪ নভেম্বর: ছট পুজোর উৎসবের আবহে মিষ্টিমুখে রসগোল্লা দিবস উদযাপন করল শিলিগুড়ি। শনিবার হিলকার্ট রোডের সেবক মোড়ে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি এবং শিলিগুড়ি সুইটস ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রায় ১৫ থেকে ২০ হাজার রসগোল্লা বিনামূল্যে বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় রসগোল্লা বিতরণ কর্মসূচি। মন্ত্রী নিজেও সাধারণ মানুষের হাতে রসগোল্লা তুলে দেন।
এই আয়োজনকে ঘিরে সকাল থেকেই সেবক মোড়ে মানুষের ভিড় জমে। লাইনে দাঁড়িয়ে উৎসাহের সঙ্গে রসগোল্লা সংগ্রহ করেন বহু মানুষ। শিলিগুড়ির বিভিন্ন মিষ্টান্ন ব্যবসায়ী ও সংগঠনের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, রসগোল্লা দিবস কেবল একটি দিনের উদযাপন নয়, বরং বাংলার মিষ্টান্ন শিল্প ও ঐতিহ্যকে তুলে ধরার একটি প্রতীকী উদ্যোগ। পশ্চিমবঙ্গের নিজস্ব খাদ্যসংস্কৃতিকে দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পর্যটন দফতর একটি বিশেষ পরিকল্পনা তৈরি করছে। পাহাড় থেকে সুন্দরবন পর্যন্ত রাজ্যের বিভিন্ন অঞ্চলের বিশেষ খাবার ও রন্ধনশৈলীকে সেই পরিকল্পনার আওতায় তুলে ধরা হবে। সেখানে রসগোল্লাকে বিশেষ মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পাশাপাশি মিষ্টান্ন ব্যবসায়ীদের পক্ষ থেকে মিষ্টির হাট তৈরির প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ বিষয়ে সরকারি সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।
আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি মিষ্টান্ন ব্যবসার প্রসারে সরকারের পাশে থাকার আশ্বাসও দেন। বাংলার ঐতিহ্যবাহী রসগোল্লাকে কেন্দ্র করে এই আয়োজনের মধ্য দিয়ে মিষ্টান্ন শিল্পের প্রসার এবং রাজ্যের খাদ্যসংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তোলার বার্তা দেওয়া হয়।