উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত, এবার বাড়ির কাছেই বিশ্বমানের চিকিৎসা
শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনা করে শিলিগুড়ির জ্যোতি নগরে ডন বস্কো স্কুল সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ২০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক মাল্টি-স্পেশালিটি ম্যাক্সওয়েল হাসপাতাল। আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক দল এবং উন্নত রোগী পরিষেবার মাধ্যমে এই হাসপাতাল উত্তরবঙ্গের মানুষের কাছে বিশ্বমানের চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এখন থেকে জটিল চিকিৎসার জন্য আর কলকাতা বা ভিনরাজ্যে যেতে হবে না। বাড়ির কাছেই মিলবে উন্নত স্বাস্থ্য পরিষেবা।
অত্যাধুনিক কার্ডিয়াক পরিষেবা
হাসপাতালে চালু হয়েছে হাই-টেক ক্যাথ ল্যাব ও বিশেষায়িত কার্ডিয়াক আইসিইউ। ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ রাজেশ নন্দা। হৃদরোগের জটিল চিকিৎসা ও জরুরি পরিষেবায় এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের প্রথম ৩০ শয্যার আধুনিক ডায়ালাইসিস ইউনিট
কিডনি রোগীদের জন্য হাসপাতালটিতে চালু হয়েছে অত্যাধুনিক ৩০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস ইউনিট। উন্নত ফিল্ট্রেশন প্রযুক্তি ও ডাবল RO সিস্টেম সমৃদ্ধ এই ইউনিট উত্তরবঙ্গের প্রথম বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। বিভাগের দায়িত্বে রয়েছেন রেনাল ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ডঃ বিশাল গোল। ভবিষ্যতে কিডনি ট্রান্সপ্লান্ট পরিষেবা চালুর প্রস্তুতিও চলছে।
উন্নত ইউরোলজি ও লেজার সার্জারি
ইউরোলজি বিভাগে রয়েছে ১০০-ওয়াটের অত্যাধুনিক হলমিয়াম লেজার মেশিন, যার মাধ্যমে প্রোস্টেট সার্জারি ও স্টোন ডাস্টিংয়ের মতো জটিল চিকিৎসা করা সম্ভব হবে। এই বিভাগের দায়িত্বে রয়েছেন ডাঃ সমর্থ আগরওয়াল ও তাঁর বিশেষজ্ঞ দল।
শ্বাসতন্ত্রের রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তি
পালমোনারি বিভাগে স্থাপন করা হয়েছে উত্তরবঙ্গের প্রথম DLCO ও ইমপালস অসিওলোমেট্রি মেশিন। শিশু থেকে প্রবীণ—সব বয়সের রোগীর শ্বাসতন্ত্রের জটিল সমস্যা নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হবে। পাশাপাশি রয়েছে আল্ট্রা-থিন হাই-ডেফিনিশন ব্রঙ্কোস্কোপ ও EBUS প্রযুক্তি। বিভাগের নেতৃত্বে রয়েছেন ডাঃ অভিষেক বালি।
মাতৃ ও শিশু চিকিৎসায় বিশেষ গুরুত্ব
হাসপাতালে উচ্চ-ঝুঁকিপূর্ণ গর্ভধারণের জন্য তৈরি করা হয়েছে লেভেল-৩ NICU। পাশাপাশি ল্যাপারোস্কোপিক গাইনোকোলজিক্যাল সার্জারি, ফিটাল মেডিসিন ও বন্ধ্যাত্ব চিকিৎসার সুবিধাও থাকছে। এই বিভাগের দায়িত্বে রয়েছেন ডাঃ প্রিয়ঙ্কুর রায়।
ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী রোগের উন্নত চিকিৎসা
ইন্টারনাল মেডিসিন ও ডায়াবেটোলজি বিভাগ পরিচালনা করছেন ডাঃ অমিত আগরওয়াল। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসার পাশাপাশি হেপাটোলজি, এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপির সুবিধাও রয়েছে এখানে।
সব গুরুত্বপূর্ণ বিভাগ এক ছাদের নিচে
হাসপাতালে জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি, ক্রিটিক্যাল কেয়ার, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি, অর্থোপেডিকস, স্পাইন সার্জারি, জয়েন্ট রিহ্যাবিলিটেশন, হেমাটোলজি, ডার্মাটোলজি ও পেডিয়াট্রিকসসহ প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ বিভাগ চালু হয়েছে।
২৪ ঘণ্টার আধুনিক ডায়াগনস্টিক পরিষেবা
রয়েছে হাই-রেজোলিউশন সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসাউন্ড, ইকোকার্ডিওগ্রাফি, ২৪ ঘণ্টার স্বয়ংক্রিয় প্যাথলজি ল্যাব, এন্ডোস্কোপি এবং হল্টার মনিটরিং-এর মতো অত্যাধুনিক রোগ নির্ণয় পরিষেবা।
হাসপাতালের চিফ অপারেটিং অফিসার সুভদীপ মুখার্জি বলেন, “আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা। শিলিগুড়িতে এই অত্যাধুনিক ২০০ শয্যার হাসপাতাল চালু হওয়ায় উত্তরবঙ্গের
মানুষ বাড়ির কাছেই বিশ্বমানের চিকিৎসা পাবেন।”
স্বাস্থ্য মহলের মতে, উত্তরবঙ্গের চিকিৎসা পরিষেবায় গুডি ম্যাক্সওয়েল হাসপাতালের এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে চলেছে।