শিলিগুড়িতে দুঃসাহসিক চুরির কিনারা, এনজেপি থানার জালে কুখ্যাত দুষ্কৃতি
শিলিগুড়ি, ১১ মে: দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করল এনজেপি থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম দীপক দাস ওরফে ‘ক্ষ্যাপা’।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ এপ্রিল শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়ায় চন্দন সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে।
অভিযোগ, কোনও এক ব্যক্তিকে পেমেন্ট করার জন্য ব্যাংক থেকে লক্ষাধিক টাকা তুলে বাড়িতে রাখা হয়েছিল। সেই খবর আগেই চোরের দলের কাছে পৌঁছে যায়।
এরপর গভীর রাতে পরিবারের সকলের ঘুমের সুযোগ নিয়ে বাড়ি থেকে নগদ টাকা সহ প্রায় ৯ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চন্দন সাহা।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। তদন্ত চলাকালীন এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই সূত্র ধরেই গত ১০ মে, রবিবার অভিযুক্ত দীপক দাস ওরফে ‘ক্ষ্যাপা’কে গ্রেফতার করা হয়।
পুলিশি জেরায় ধৃত চুরির ঘটনার কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত তার কাছ থেকে চুরি যাওয়া টাকা বা সোনার গয়না উদ্ধার করতে পারেনি পুলিশ।
ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যেতে সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। এনজেপি থানার পক্ষ থেকে ধৃতের ৫ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।