শিলিগুড়িতে ফ্লিপকার্টের ফুলফিলমেন্ট সেন্টার
পূর্ব ও উত্তর–পূর্ব ভারতের লজিস্টিক্স ব্যবস্থায় নতুন গতি, পশ্চিমবঙ্গে ১.২ লক্ষেরও বেশি কর্মসংস্থান
শিলিগুড়ি, ২ অক্টোবর: দ্য বিগ বিলিয়ন ডেজ ২০২৬-এর আগে শিলিগুড়িতে নিজেদের ফুলফিলমেন্ট সেন্টারের পরিসর তুলে ধরল ফ্লিপকার্ট। সম্প্রতি আয়োজিত এক মিডিয়া ওয়াকথ্রুর মাধ্যমে সংস্থাটি দেখায়, কীভাবে প্রযুক্তি, আধুনিক পরিকাঠামো এবং বিস্তৃত সাপ্লাই চেইন নেটওয়ার্কের সাহায্যে পশ্চিমবঙ্গ তথা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের উৎসবকালীন বাড়তি চাহিদা সামলানো হচ্ছে।
পূর্ব ও উত্তর–পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ লজিস্টিক্স হাব
শিলিগুড়ির এই ফুলফিলমেন্ট সেন্টারটি পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক লজিস্টিক্স হাব হিসেবে কাজ করছে। কৌশলগত বাণিজ্যিক রুটের সঙ্গে সংযুক্ত এই কেন্দ্র থেকে উত্তরবঙ্গ, সিকিম, পূর্ব বিহারের কিছু অংশ এবং পশ্চিম অসমের বিভিন্ন এলাকায় প্রতিদিনের অর্ডার ফুলফিলমেন্ট পরিচালিত হয়। সংস্থার দাবি, এর ফলে ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় এই অঞ্চলে দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
পশ্চিমবঙ্গে ৩০০–র বেশি সাপ্লাই চেইন সুবিধা
ফ্লিপকার্টের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে তাদের ৩০০-রও বেশি সাপ্লাই চেইন সুবিধা রয়েছে। এর মধ্যে হরিণঘাটার বড় ফুলফিলমেন্ট সেন্টারও রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে রাজ্যে ১.২ লক্ষেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানকে সমর্থন করা হচ্ছে। উৎসবের মরসুমে বাড়তি চাহিদা সামলাতে তৈরি হচ্ছে আরও হাজার হাজার মৌসুমিক কর্মসংস্থানের সুযোগ।
স্থানীয় হস্তশিল্প ও তাঁতশিল্পে ডিজিটাল বাজার
বর্তমানে পশ্চিমবঙ্গের ৬৬ হাজারেরও বেশি বিক্রেতা ফ্লিপকার্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন। ‘ফ্লিপকার্ট সমর্থ’ কর্মসূচির অধীনে ২৯ হাজারেরও বেশি স্থানীয় হ্যান্ডলুম ও হস্তশিল্প পণ্য বিশেষ স্টোরফ্রন্টে উপলব্ধ রয়েছে। শান্তিপুরের ২৫০-রও বেশি তাঁত ও জামদানি তাঁতির একটি ক্লাস্টার এই প্ল্যাটফর্মের মাধ্যমে বছরে ১০০ কোটি টাকারও বেশি ডিজিটাল বিক্রয় করছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
উৎসবের মরসুমে বাড়ছে কর্মসংস্থান ও পরিষেবা
দেশজুড়ে বিগ বিলিয়ন ডেজ উপলক্ষে ২.৫ লক্ষেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে ফ্লিপকার্ট। এর মধ্যে প্রায় ৭৫ হাজার মানুষ প্রথমবারের মতো কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। পাশাপাশি ৯০০-রও বেশি নতুন উৎসবকালীন ডেলিভারি হাব এবং প্রায় ১.৪ লক্ষ অতিরিক্ত লাস্ট-মাইল কর্মসংস্থানের সুযোগ যুক্ত হয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, সাপ্লাই চেইন সংক্রান্ত ২০ শতাংশেরও বেশি পদে বর্তমানে নারীরা কর্মরত।
স্টোরেজ ও প্রযুক্তিতে বড় সম্প্রসারণ
বিগ বিলিয়ন ডেজ-এর আগে ফ্লিপকার্টের লজিস্টিক্স নেটওয়ার্কে ১৪ মিলিয়ন ঘনফুট নতুন স্টোরেজ স্পেস যুক্ত হয়েছে। এর ফলে সংরক্ষণক্ষমতা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সর্বোচ্চ হ্যান্ডলিং ক্ষমতা ৩০ শতাংশেরও বেশি বেড়েছে। ডেলিভারি নেটওয়ার্কে ৭৫০-রও বেশি নতুন পিনকোড যুক্ত করা হয়েছে।
ফ্লিপকার্টের দাবি, সিলিগুড়ি ফুলফিলমেন্ট সেন্টার শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের গ্রাহকদের কাছে উৎসবকালীন কেনাকাটার পরিষেবা আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।