শিলিগুড়ি, ২০ নভেম্বর: শহরের যানজট সমস্যা নিয়ন্ত্রণে এবার বাস চলাচল ও পার্কিং ব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ নিতে চলেছে প্রশাসন। শিলিগুড়ির অন্যতম ব্যস্ত এলাকা সেবক মোড়ে তৈরি হতে পারে নির্দিষ্ট বাস স্টপেজ। সেই লক্ষ্যেই গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখল পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
বর্তমানে সেবক রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো হয়। এর ফলে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ পথচারী থেকে শুরু করে অন্যান্য যানবাহনের চালকদের। শুধু বাস নয়, শহরের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট স্টপেজ ছাড়াই টোটো, অটো-সহ অন্যান্য ছোট যানবাহনের যাত্রী ওঠানো-নামানোর প্রবণতা এবং যত্রতত্র পার্কিংয়ের কারণেও বাড়ছে যানজট।
এই পরিস্থিতির কথা মাথায় রেখেই শহরের যান চলাচল আরও সুশৃঙ্খল করতে উদ্যোগী হয়েছে ট্রাফিক পুলিশ ও প্রশাসন। সেবক মোড়ে সম্ভাব্য বাস স্টপেজ তৈরির বিষয়টি খতিয়ে দেখতে এলাকায় উপস্থিত ছিলেন এসিপি-সহ পুলিশ প্রশাসনের আধিকারিক এবং এসডিও দফতরের আধিকারিকরা। এদিন তাঁরা সরেজমিনে এলাকা পরিদর্শন করে বাস দাঁড়ানোর নির্দিষ্ট স্থান, যাত্রী ওঠানো-নামানোর ব্যবস্থা এবং পার্কিংয়ের সম্ভাব্য জায়গাগুলি খতিয়ে দেখেন।
প্রশাসনের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সেবক মোড় সংলগ্ন এলাকায় যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে।