শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বর: শিলিগুড়ির হিলকার্ট রোডে সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরও চার অভিযুক্তকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতরা হলেন রোহিত কুমার সিং, শুভম কুমার, অলোক কুমার এবং রাজনীশ কুমার। চারজনই বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে প্রায় ৫৫ গ্রাম সোনা এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, গত ২২ জুন দুপুরে হিলকার্ট রোডের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। কয়েক কোটি টাকার সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। পরে শিলিগুড়ি থানার স্পেশাল অপারেশন গ্রুপ বিহারে অভিযান চালিয়ে আরও চারজনকে পাকড়াও করে। এখন পর্যন্ত এই ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নতুন করে গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তকে শুক্রবার শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত অব্যাহত।