শিলিগুড়ি,২৩ নভেম্বর: শহরের এক নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ হওয়া তিন নাবালিকাকে চার দিন পর উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ঘটনায় উৎকণ্ঠার পর আজ স্বস্তি ফিরে এল পরিবারগুলিতে। গত ১৯ তারিখ বাড়ি থেকে বেরোনোর পর আর খোঁজ মিলছিল না তিনজনের। বান্ধবীর জন্মদিন অনুষ্ঠানে যাচ্ছে বলে বাড়ি ছেড়েছিল তারা। এরপরই শুরু হয় রহস্য।
হঠাৎ তিন কিশোরীর একসঙ্গে উধাও হয়ে যাওয়ায় এলাকায় তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। অপহরণ, মানব পাচার নাকি অন্য কিছু—এই প্রশ্নে শহরজুড়ে শুরু হয় জোর আলোচনা। উদ্বেগ বেড়ে যায় প্রশাসনিক মহলেও। সেই রাতে পরিবারের পক্ষ থেকে প্রধান নগর থানায় নিখোঁজদের সন্ধান চেয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে প্রধান নগর থানার পুলিশ ও অ্যান্টি ক্রাইম উইং। শহরের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়।
পাশাপাশি বিভিন্ন যোগাযোগের সূত্র ধরে শুরু হয় অনুসন্ধান। অবশেষে রবিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করা হয় তিন নাবালিকাকে। পরে তাদের প্রধান নগর থানায় আনার পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।
সূত্রের খবর, তিনজনই নিজেরাই হাওড়া চলে গিয়েছিল। তবে তারা সেখানে কেন গিয়েছিল, কার সঙ্গে দেখা করতে গিয়েছিল, অথবা আদৌ কারও প্ররোচনা ছিল কি না—তা তদন্ত করে দেখছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ওই তিনজন অত্যন্ত সক্রিয় ছিল বলেও জানা গিয়েছে, যার সূত্রে নতুন দিক খুঁজছে তদন্তকারীরা।
চার দিনের টানা দুশ্চিন্তার অবসান হওয়ায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তিন পরিবারের সদস্যরা।