শিলিগুড়ি, ২৪ নভেম্বর: ডাবগ্রাম দুই নম্বর অঞ্চলের থারোঘাটি এলাকায় রবিবার সকালে উদ্ধার হল স্বামী–স্ত্রীর জোড়া মৃতদেহ। সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক টিম ও আশিঘর ফাঁড়ির পুলিশ। মৃত দম্পতি হলেন ভোলানাথ পাড়া এলাকার বাসিন্দা অনিমা মন্ডল (৪০) এবং তপন মন্ডল (৫০)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহু নদীর ধারে গলা কাটা অবস্থায় পড়ে ছিল অনিমা দেবীর দেহ। কয়েকশো মিটার দূরে জঙ্গলের ভেতর গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তপন মন্ডলের মৃতদেহ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঠিক কী ঘটেছিল—তা নিয়ে দিশেহারা স্থানীয় বাসিন্দারা।
প্রশ্ন উঠছে—স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা? নাকি দু’জনকেই খুন করা হয়েছে পরিকল্পিতভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর সোমবার ফরেনসিক টিম পৌঁছে ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করে তদন্তে নেমেছে।
পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা পুরো ঘটনার রহস্য উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছেন। তবে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট সূত্র হাতে আসেনি বলে জানা গেছে।