শিলিগুড়ি,২০ ডিসেম্বর: অসৎ উদ্দেশ্যে শিলিগুড়ির ব্যস্ত পিসি মিত্তাল বাস টার্মিনাসের সামনে জড়ো হয়েছিল ১০ থেকে ১২ জনের একটি দুষ্কৃতী দল। গোপন সূত্রে খবর পেয়ে তৎপর হয়ে ওঠে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে সাদা পোশাকে অভিযান চালিয়ে হাতেনাতে গ্রেফতার করা হয় ৬ জনকে। যদিও পুলিশ দেখে বেশ কয়েকজন দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতিমূলক কাজের উদ্দেশ্যে পিসি মিত্তাল বাস টার্মিনাসের সামনে জমায়েত হয়েছিল ওই দলটি। খবর পেয়ে মধ্যরাতে ভক্তিনগর থানার পুলিশ সেখানে হানা দেয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিরা এদিক-ওদিক ছুটতে শুরু করে। তবে অভিযান চলাকালীন ৬ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ধৃতদের নাম নেপাল রাজবংশী, তাপস দাস ও পরিমল রায়—তিনজনই ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের তেলিপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া সুব্রত সরকার (নেতাজীনগর), মহম্মদ ইসমাইল (ইসলামপুর) ও বাপ্পি মাহাতো (খোলাচাঁদ ফাঁফড়ি) গ্রেফতার হয়েছে। ধৃতরা বিভিন্ন এলাকার বাসিন্দা হলেও নাশকতার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। শনিবার তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পলাতক দুষ্কৃতিদের খোঁজে তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।