শিলিগুড়ি,২০ ডিসেম্বর: রক্তদানই জীবন বাঁচানোর অন্যতম বড় মাধ্যম—এই বার্তাকে সামনে রেখে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি GRPS-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শনিবার NJP GRPS ও লায়ন্স ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় NJP রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ‘উৎসর্গ’ নামে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
প্রতিবছরের মতো চলতি বছরও প্রশাসনের সহযোগিতায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিবিরে অংশগ্রহণ করেন GRPS ও RPF-এর আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি GRPS-এর রেলওয়ে পুলিশ সুপার কুনুওয়ার ভূষণ সিং, RPF ইন্সপেক্টর মুকেশ কুমার রাজাক, NJP GRPS-এর আইসি পাসাং রিঞ্জিং শেরপা সহ সংশ্লিষ্ট দফতরের অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরা।
অনুষ্ঠান চলাকালীন শিলিগুড়ি GRPS-এর SRP কুনুওয়ার ভূষণ সিং ও RPF ইন্সপেক্টর মুকেশ কুমার রাজাককে ফুলের তোড়া ও ব্যাজ পরিয়ে সম্মাননা জানান NJP GRPS-এর আইসি পাসাং রিঞ্জিং শেরপা।
এই রক্তদান শিবিরে GRPS ও RPF-এর আধিকারিক ও কর্মীদের পাশাপাশি রেলযাত্রী ও সাধারণ মানুষ বিপুল উৎসাহের সঙ্গে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন ৫০ জনেরও বেশি মানুষ রক্তদানে অংশগ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা জানানো হয় মাটিগাড়া এলাকার ৭ বছর বয়সি কাব্যশ্রী ছেত্রীকে। কারাটেতে ব্ল্যাক বেল্ট অর্জন করে উত্তরবঙ্গের প্রথম হওয়ায় তাকে সম্মানিত করেন শিলিগুড়ি GRPS-এর SRP কুনুওয়ার ভূষণ সিং। মানবিকতার পাশাপাশি ক্রীড়া প্রতিভাকে স্বীকৃতি দেওয়ায় এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।