শিলিগুড়ি,২৩ ডিসেম্বর:বিরল রোগে আক্রান্ত এক যুবকের চিকিৎসার জন্য মানবিকতার হাত বাড়িয়ে দিল ইয়ুথ ফাউন্ডেশনের একদল উদ্যমী যুবক। ইস্টার্ন বাইপাসের ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা ৩২ বছরের রাজেশ নামোদাস দীর্ঘদিন ধরে মাথার জটিল রোগে ভুগছেন। একের পর এক চিকিৎসকের শরণাপন্ন হলেও এখনও পর্যন্ত কোনও সুফল মেলেনি।
জীবিকার তাগিদে মাছ বিক্রি করেই কোনও রকমে সংসার চালান রাজেশ। তাঁর পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন বাবা, মা, স্ত্রী এবং ছোট ছোট দুই কন্যা। রাজেশ অসুস্থ হয়ে পড়ায় সংসারের হাল কার্যত ভেঙে পড়েছে। চিকিৎসার খরচ জোগাড় করা পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এই কঠিন পরিস্থিতিতে রাজেশ ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে ইয়ুথ ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রাজেশ নামোদাসকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে এবং সেই উদ্দেশ্যে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হবে।
ইয়ুথ ফাউন্ডেশনের এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় বাসিন্দারাও সংগঠনের মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। রাজেশ ও তাঁর পরিবারের মুখে আবার নতুন করে আশার আলো ফুটেছে বলেই মনে করছেন সকলে।