শিলিগুড়ি,২৩ ডিসেম্বর: শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে পার্কিংয়ের জায়গা দখল করে ঘেরা দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে।
জানা গিয়েছে, ঈশ্বর মিত্তালের মালিকানাধীন একটি বিল্ডিং অবৈধভাবে নির্মিত হওয়ার অভিযোগে কয়েক মাস আগে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে সেই অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। অভিযোগ, এরপর ওই ব্যক্তি মার্কেটের পার্কিং হিসেবে চিহ্নিত জায়গা দখল করে টিনের শেড দিয়ে পুরো এলাকা ঘিরে দেন। এর ফলে ওই এলাকার বিকল্প রাস্তাও বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।
এই বিষয়টি নিয়ে কয়েক মাস আগেই স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও ওয়ার্ড কাউন্সিলর আপত্তি জানান এবং লিখিতভাবে পুরনিগমকে অবহিত করা হয়। পাশাপাশি মার্কেট কমিটিকেও বিষয়টি জানানো হয়। অভিযোগ, পুরনিগমের কর্মীরা একবার ঘটনাস্থলে গেলে কিছুদিন কাজ বন্ধ থাকলেও পরে ফের কাজ শুরু করে পুরো এলাকা টিন দিয়ে ঘিরে ফেলা হয়।
মঙ্গলবার এলাকার দোকানদার ও ওয়ার্ড কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে দাঁড়িয়ে থেকে মালিককে অবৈধ ঘেরা ভেঙে ফেলার নির্দেশ দেন। সেই সময় পুরনিগমের কর্মীরাও সেখানে পৌঁছান এবং কাজ সরানোর জন্য কিছুদিনের সময়সীমা চাওয়া হয়।
এনিয়ে ওয়ার্ড কাউন্সিলর অভিযোগ করেন, একাধিকবার পুরনিগমকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ নির্মাণ না ভাঙা হলে তাদের পক্ষ থেকেই তা ভেঙে ফেলা হবে।
ঘটনায় মালিক পক্ষের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে ঘটনাস্থল থেকে সরে যান।
এ বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, মালিকের সঙ্গে কথা হয়েছে। তিনি কিছুদিন সময় চেয়েছিলেন, সেই কারণে সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। পুরনিগম খুব শীঘ্রই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান মেয়র। তাদের সময় দেওয়া হয়েছিল কিন্তু তার পরো কোনো কিছু করেনি। এনিয়ে পরে আবার কথা হয়েছে । পুরনিগম সেটার বিরূদ্ধে ব্যবস্থা নিবে ।