শিলিগুড়ি,৩০ ডিসেম্বর: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে একের পর এক পথ দুর্ঘটনা নিয়ে এবার রাজ্য পুলিশ ও ট্রাফিক প্রশাসনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন ডাবগ্রাম–ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। তাঁর অভিযোগ, আশিঘর মোড় এলাকায় বেআইনি পিকআপ ভ্যান ও ম্যাক্সি ক্যাব স্ট্যান্ডের কারণেই সেখানে ঘনঘন দুর্ঘটনা ঘটছে।
সাম্প্রতিক স্কুটি দুর্ঘটনায় নিহত পঙ্কজ সরকারের বাড়িতে শুক্রবার যান বিজেপি বিধায়ক। হাতিয়াডাঙ্গায় মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে শিখা চ্যাটার্জি বলেন, “একটার পর একটা মায়ের কোল ফাঁকা হয়ে যাচ্ছে। সান্ত্বনা দেওয়ার মতো কোনও ভাষা নেই।”
ইস্টার্ন বাইপাসে লাগাতার দুর্ঘটনার জন্য সরাসরি রাজ্য পুলিশ প্রশাসনকে দায়ী করে বিধায়ক বলেন, পুলিশ অন্য কাজে ব্যস্ত থাকলেও আসল দায়িত্ব পালন করছে না। তাঁর অভিযোগ, আশিঘর মোড়ে দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে পিকআপ ভ্যান ও ম্যাক্সি ক্যাবের স্ট্যান্ড চলছে। এর ফলে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে এবং ভারী যান চলাচলকারী ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে।
শিখা চ্যাটার্জির দাবি, এই বেআইনি স্ট্যান্ডের কারণে দুর্ঘটনা ঘটলেও পুলিশ কোনও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। শুধু তাই নয়, ইস্টার্ন বাইপাসের ফুটপাত দখল করে দোকানপাট বসানো হলেও সেদিকেও নজর নেই প্রশাসনের। তিনি আরও জানান, ডাবগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান একাধিকবার পুলিশ ও ট্রাফিক দপ্তরকে বিষয়টি জানালেও কোনও সমাধান মেলেনি।
বিজেপি বিধায়কের স্পষ্ট অভিযোগ, আশিঘর মোড়ের ওই বেআইনি পিকআপ ভ্যান ও ম্যাক্সি ক্যাব স্ট্যান্ডের কারণেই সাম্প্রতিক দুর্ঘটনায় দু’জনের প্রাণ গেছে। মৃত পঙ্কজ সরকারের পরিবারের পাশে থাকার পাশাপাশি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।