শিলিগুড়ি,৩ জানুয়ারী: শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ফের এক বেপরোয়া দুর্ঘটনা। বারংবার সংবাদমাধ্যমে উঠে এসেছে নতুন প্রজন্মের নাবালকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর ভয়াবহ ছবি। যার চরম মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে, পাশাপাশি বিপদের মুখে পড়ছেন চালকরাও। আর শেষ পর্যন্ত এর দায় এসে পড়ে বাবা-মায়ের ওপর।
এবার এমনই এক দুর্ঘটনার সাক্ষী থাকলেন ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগর এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর নাগাদ এক নাবালক দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। সেই সময় রাস্তায় হেঁটে কাজে যাচ্ছিলেন এক মহিলা। আচমকা ওই বাইকটি ওই মহিলাকে ধাক্কা মারলে দু’জনেই ছিটকে পড়ে রাস্তার ধারে।
দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের মানুষজন ছুটে এসে আহত দু’জনকে উদ্ধার করেন। পরে তাঁদের শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা বাড়িতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক সেই সময় দ্রুতগতিতে ছুটে আসা স্কুটিটি তাঁকে সজোরে ধাক্কা মারে। তাঁদের অভিযোগ, নাবালকদের হাতে এভাবে মোটরসাইকেল তুলে দেওয়ার ফলেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে।
এলাকাবাসীদের স্পষ্ট বক্তব্য, এই ঘটনার পরও যদি বাবা-মায়েরা সতর্ক না হন এবং নাবালক সন্তানদের হাতে মোটরসাইকেল তুলে দেন, তাহলে ভবিষ্যতেও এভাবেই একের পর এক দুর্ঘটনার সাক্ষী হতে হবে সকলকে।