শিলিগুড়ি, ৭ জানুয়ারি: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় একটি মোবাইল দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে দোকানের টিন কেটে সিলিং ভেঙে ভিতরে ঢুকে চোরেরা লক্ষাধিক টাকার সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান দোকানের মালিক। বুধবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দোকানের ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং উপরের সিলিং ভাঙা অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গেই চুরির বিষয়টি নজরে আসে।
ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
দোকানের মালিক অভিযোগ করে জানান, এর আগেও তাঁর দোকানে চুরির ঘটনা ঘটেছে, কিন্তু সে সময় পুলিশের তৎপরতা চোখে পড়েনি। এবারও একই ধরনের ঘটনা ঘটেছে। চোরেরা প্রায় লক্ষাধিক টাকার মোবাইল ফোন, নগদ টাকা এবং একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে। পাশাপাশি, পুলিশ যাতে সিসিটিভি ফুটেজের সাহায্যে চোরদের শনাক্ত করতে না পারে, সেই উদ্দেশ্যে দোকানের সিসিটিভি ডিভিআরও নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। দ্রুত চোরদের গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।