শিলিগুড়ি, ২৭ জুন: শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত একটি নামী-দামী মলে অবৈধ নির্মাণ পরিদর্শনে গিয়ে বড়সড় অভিযান চালাল শিলিগুড়ি পুরনিগম। শনিবার পুরনিগমের কমিশনার বির বিক্রম রাই-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পরিদর্শনে পুরনিগমের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এর মধ্যে খাদ্য সুরক্ষা দপ্তর, ফায়ার বিভাগ, ইলেকট্রিক দপ্তর সহ অন্যান্য বিভাগের কর্মীরাও অংশ নেন।
অভিযান চলাকালীন দেখা যায়, মলের করিডোর দখল করে বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। পাশাপাশি মলের একাধিক রেস্তোরাঁ ও বারে গুরুতর অনিয়ম ধরা পড়ে। বেশ কিছু প্রতিষ্ঠান বৈধ ফায়ার লাইসেন্স দেখাতে পারেনি, আবার অনেক ক্ষেত্রেই লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে বলে জানা যায়।
একটি বারে অবৈধভাবে বিয়ার প্রস্তুতের কারবার চলার অভিযোগও উঠে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। যদিও তারা দাবি করে যে এক্সসাইস দপ্তরের অনুমতি রয়েছে, কিন্তু সেই সংক্রান্ত কোনো বৈধ নথি তারা উপস্থাপন করতে পারেনি। পাশাপাশি একটি রেস্তোরায় মেয়াদ উত্তীর্ণ খাবার সরঞ্জাম পাওয়া গিয়েছে।
এই সমস্ত অনিয়মের প্রেক্ষিতে পুরনিগম কর্তৃপক্ষ অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেয়। পাশাপাশি একাধিক দোকান ও প্রতিষ্ঠানকে নোটিশ জারি করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের বৈধ নথি রয়েছে তাদের পুরনিগমে পেশ করতে বলা হয়েছে।