তারাপীঠ ও কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের পর শিলিগুড়িতে কড়া নজরদারি
শিলিগুড়ি, ২০ আগস্ট: তারাপীঠ ও কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার শিলিগুড়ি শহরের হোটেল, রেস্তোরাঁ, শপিং মল-সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার উদ্যোগ নিল প্রশাসন।
হোটেলে পর্যটন মন্ত্রীর পরিদর্শন
বৃহস্পতিবার শহরের বেশ কয়েকটি হোটেল পরিদর্শন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। পরিদর্শনের সময় হোটেলগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ভবনের অনুমোদিত বিল্ডিং প্ল্যান, প্রয়োজনীয় পরিকাঠামো এবং অন্যান্য নথিপত্র সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পুরসভা-দমকল-পিডব্লিউডি নিয়ে যৌথ কমিটি
মন্ত্রী জানান, শীঘ্রই পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর এবং PWD-কে নিয়ে একটি যৌথ পরিদর্শন কমিটি তৈরি করা হবে। এই কমিটি শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, শপিং মল-সহ বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় অনুমোদন ও নথিপত্র খতিয়ে দেখবে।
নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা
হোটেল ব্যবসায়ীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে শঙ্কর ঘোষ বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও নিরাপত্তাবিধি মেনে চলতেই হবে। নিয়মের ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না।
প্রয়োজনে বন্ধ হতে পারে প্রতিষ্ঠান
পরিদর্শনে কোনও প্রতিষ্ঠানে নিয়মের ব্যত্যয় ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী।
অগ্নিনিরাপত্তা নিয়ে নজরদারি বাড়ায় শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির মধ্যে এখন থেকেই শুরু হয়েছে তৎপরতা।