শিলিগুড়ি,১৯ জুন : টানা মুষলধারে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। কোমরসমান জল জমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তবে পরিস্থিতি মোকাবিলায় ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মনের অনুপস্থিতি ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতভর ভারী বৃষ্টিতে এলাকার একাধিক অংশ জলমগ্ন হয়ে পড়ে। মাঝরাতেই সমস্যার সমাধানের আশায় কাউন্সিলরের বাড়িতে ছুটে যান স্থানীয়রা, কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। অভিযোগ, শুক্রবার সকাল গড়িয়েও কাউন্সিলরের কোনো খোঁজ মেলেনি। ফোন করলেও তা বন্ধ পাওয়া যায় বলে দাবি বাসিন্দাদের।
এদিকে, জল নিকাশি ব্যবস্থার অভাবেও ক্ষোভ বাড়তে থাকে। এলাকাবাসীদের অভিযোগ, এটি নতুন সমস্যা নয়—প্রতিবার বৃষ্টি হলেই একই পরিস্থিতির সৃষ্টি হয়, অথচ দীর্ঘদিন ধরেও কোনো স্থায়ী সমাধান করা হয়নি।
পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ হয়ে শুক্রবার সকালে বহু মানুষ কাউন্সিলরের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। ডাকা সত্ত্বেও কোনো সাড়া না পাওয়ায় উত্তেজনা বাড়ে এলাকায়।
অন্যদিকে, স্থানীয়দের দাবি, শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈনের নেতৃত্বে জেসিবি মেশিন নামিয়ে জল নামানোর কাজ শুরু করা হয়। এতে অনেকটা জল কমেছে ।
এলাকাবাসীদের প্রশ্ন, বারবার এমন দুর্ভোগের পরও কেন স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না এবং সংকটের সময় জনপ্রতিনিধি কোথায়—তা নিয়েই উঠছে বড় প্রশ্ন। যদি তিনি কোনো রকম সমস্যার সমাধান করতে না পারে তাহলে তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করুক।
এবিষয়ে ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মনের সাথে যোগাযোগ করলে তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।