অত্যাধুনিক রেডিয়েশন থেরাপির মাধ্যমে রোগীরা এবার ঘরের কাছেই পাবেন আরও নির্ভুল ও উন্নত চিকিৎসা
শিলিগুড়ি, ১৭ মে: উত্তরবঙ্গের ক্যান্সার চিকিৎসা পরিকাঠামোয় এক গুরুত্বপূর্ণ সংযোজন ঘটাল Manipal Hospital। রাঙাপানিতে অবস্থিত মণিপাল হসপিটাল কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারে অত্যাধুনিক ‘ট্রুবিম’ প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের রাঘবানন্দ মহারাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. স্বপ্নেন্দু বসু, ডা. মনীশ গোস্বামী, ডা. সৌরভ গুহ এবং হাসপাতালের ডিরেক্টর সঞ্জয় সিংহ মহাপাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ট্রুবিম হল অত্যাধুনিক পরবর্তী প্রজন্মের রেডিওথেরাপি প্রযুক্তি, যার মাধ্যমে আরও নির্ভুল, দ্রুত ও লক্ষ্যভিত্তিক ক্যান্সার চিকিৎসা সম্ভব হবে। এই প্রযুক্তিতে রিয়েল-টাইম ইমেজিং ও মোশন ম্যানেজমেন্ট সুবিধা থাকায় টিউমারে নিখুঁতভাবে রেডিয়েশন প্রয়োগ করা যায় এবং সুস্থ টিস্যুর ক্ষতি অনেকটাই কম হয়।
চিকিৎসকদের মতে, উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের বহু ক্যান্সার রোগীকে এতদিন উন্নত চিকিৎসার জন্য কলকাতা বা অন্যান্য মেট্রো শহরে যেতে হতো। ট্রুবিম প্রযুক্তি চালুর ফলে এবার ঘরের কাছেই বিশ্বমানের ক্যান্সার চিকিৎসার সুবিধা মিলবে, যা রোগীদের সময়, খরচ এবং শারীরিক কষ্ট অনেকটাই কমাবে।
অনুষ্ঠানে ক্যান্সার সম্পর্কে সচেতনতা, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের গুরুত্ব এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে একটি বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশনও অনুষ্ঠিত হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগ পূর্ব ভারতে উন্নত অনকোলজি পরিষেবাকে আরও শক্তিশালী করবে।