শিলিগুড়ি, ১৬ মে: শিলিগুড়িতে ফের একবার দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আশিঘর ফাঁড়ির অন্তর্গত হাতিয়াডাঙ্গা এলাকায় শনিবার এই চুরির ঘটনা ঘটে।
জানা গিয়েছে, এদিন বাড়ির সকল সদস্য কোনও কাজে বাইরে গিয়েছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা একটি ঘরের জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর বাড়ির আলমারি ভেঙে প্রায় ১২ লক্ষ টাকার সোনার অলংকার এবং নগদ কিছু টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যেই আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।