শিলিগুড়ি: অবৈধভাবে ভারতে ঢুকে ট্রেনে হায়দরাবাদ যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে এক বাংলাদেশি মহিলাকে আটক করেছে রেল পুলিশ। বৃহস্পতিবার যৌথ অভিযান চালিয়ে তাঁকে আটক করে শিলিগুড়ি জিআরপির এসওজি দল এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ওদেরা আক্তার (আনুমানিক ৩০)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা।
তদন্তকারীরা জানান, গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে ডাউন চেরালাপল্লি এক্সপ্রেসের জেনারেল কামরায় চেপে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই মহিলা। তাঁর পরিচয় ও গতিবিধি সম্পর্কে আগেই গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ট্রেনটি এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই তল্লাশি শুরু হয় এবং জেনারেল কামরা থেকেই তাঁকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, গত ১৭ নভেম্বর সিলেট-মেঘালয় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে এ দেশে প্রবেশ করেছিলেন তিনি। সেখান থেকে গুয়াহাটি পৌঁছে ট্রেনে ওঠেন। কী কারণে তিনি ভারতে এসেছিলেন এবং হায়দরাবাদ যাওয়ার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ধৃতকে জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। অনুপ্রবেশের রুট, যাতায়াতের ছক এবং এই চক্রে আর কেউ যুক্ত কি না, সব দিকই খতিয়ে দেখছে জিআরপি।
সীমান্ত টপকে এ দেশে ঢুকে দীর্ঘপথ রেলযাত্রার এই ঘটনায় দূরপাল্লার ট্রেন ও স্টেশন চত্বরের নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।