শিলিগুড়ি,৪ জুলাই: শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের মহানন্দাপাড়ায় রান্নার গ্যাসের সিলিন্ডারে নির্ধারিত পরিমাণের তুলনায় কম গ্যাস দিয়ে গ্রাহকদের কাছে সরবরাহ করা হচ্ছে— এমনই গুরুতর অভিযোগ উঠেছে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে দেবেন্দ্র জৈনের বাড়িতে গ্যাস সরবরাহের গাড়ি তাঁর বাড়িতে পৌঁছালে সিলিন্ডারটি দেখে তাঁর সন্দেহ হয়। এরপর তিনি সরবরাহকারী কর্মীদের সামনেই সিলিন্ডারটির ওজন মাপার দাবি জানান। ওজন করে দেখা যায়, নির্ধারিত পরিমাণের তুলনায় প্রায় ২ থেকে ৩ কেজি গ্যাস কম রয়েছে।
এরপর তিনি গাড়িতে থাকা অন্যান্য ভর্তি সিলিন্ডারগুলিও পরীক্ষা করার অনুরোধ করেন। অভিযোগ, সেগুলির মধ্যে প্রায় ৬ থেকে ৭টি সিলিন্ডারেও একইভাবে ২ থেকে ৩ কেজি করে গ্যাস কম পাওয়া যায়।
ঘটনার পরই তিনি পুলিশে খবর দেন এবং বিষয়টি প্রকাশ্যে আনেন। তাঁর অভিযোগ, সাধারণ মানুষ যাতে এই ধরনের প্রতারণার শিকার না হন, সেই কারণেই তিনি বিষয়টি সামনে এনেছেন। বর্তমানে এলপিজি গ্যাসের দাম ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে যদি গ্রাহকরা নির্ধারিত পরিমাণের চেয়ে কম গ্যাস পান, তাহলে তা সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক বোঝা চাপাবে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তার আগে গ্যাস গুলো ওখানে রেখে গাড়িটি চলে যায়। এরপর তদন্তের স্বার্থে পুলিশ সেই গ্যাস গুলো উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের কাছে সেই ডিস্ট্রিবিউটর নামে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন সেই ব্যক্তি।
এবিষয়ে গাড়ি চালকের সাথে থাকা এক কর্মী জানান, আমরা গোডাউন থেকে সরাসরি গ্যাস নিয়ে আসি । সেখানে কি করে না করে তা আমাদের জানা নেই । আমরা শুধু মানুষের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছে দি।
যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটর বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।