জলপাইগুড়ি: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি কর্মীদের উপর সশস্ত্র হামলার অভিযোগে জলপাইগুড়ির দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয়।
ভোট গণনার পরের দিন হামলার অভিযোগ
অভিযোগ, বিধানসভা ভোটের গণনা শেষ হওয়ার পরের দিন দলবল নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। সেই ঘটনায় জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস, তাঁর মেয়ে-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কৃষ্ণ দাস তৃণমূলের প্রাক্তন এসসি-এসটি-ওবিসি সেলের জলপাইগুড়ি জেলার সভাপতি ছিলেন।
সাড়ে তিন মাসেও পুলিশের নাগালের বাইরে
অভিযোগ ওঠার পর থেকেই কৃষ্ণ দাস সপরিবারে বেপাত্তা বলে দাবি পুলিশের। ঘটনার পর প্রায় সাড়ে তিন মাস কেটে গেলেও এখনও তাঁর সন্ধান মেলেনি। ইতিমধ্যে মামলায় কৃষ্ণ দাসের কয়েকজন অনুগামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আদালতে নথি পেশ, খারিজ আগাম জামিন
এদিকে গ্রেপ্তার এড়াতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিনের আবেদন করেন কৃষ্ণ দাসের আইনজীবী। সেই আবেদনের বিরোধিতা করে সরকার পক্ষ। শুনানির সময় হামলার দিনের ঘটনার ছবি-সহ বিভিন্ন নথিও আদালতে পেশ করা হয় বলে জানা গিয়েছে।
সব পক্ষের বক্তব্য ও নথি পর্যালোচনার পর কৃষ্ণ দাসের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। ফলে ভোট-পরবর্তী হামলার এই মামলায় কৃষ্ণ দাসের উপর আইনি চাপ আরও বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।