শিলিগুড়ির ২৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়ার গৌড়ীয় মঠে গতকাল গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা গিয়েছে বুধবার রাত প্রায় ২টা নাগাদ মঠে এই চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা প্রায় ৩০টি পিতলের গোপালের মূর্তি সহ পুজোর কাঁসার বাসন চুরি করে নিয়ে গিয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। তিনি জানান, এই মঠে এই প্রথম চুরির ঘটনা ঘটল। গোটা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি পুলিশের উপর আস্থা রয়েছে বলেও জানান কাউন্সিলর। তাঁর দাবি, এলাকায় মাদকাসক্তদের বাড়বাড়ন্ত রয়েছে, তাই এই ঘটনার পিছনে তাদের যোগ থাকতে পারে বলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ।