শিলিগুড়ি, ২৯ আগস্ট: শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডে পথ কুকুর খুনের অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। অভিযুক্তের নাম রঞ্জিত দাস, তিনি ওই এলাকারই বাসিন্দা এবং পুরনিগমের সাফাই কর্মী বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় নেতাজি মোড় সংলগ্ন এলাকায় মদ্যপ অবস্থায় অভিযুক্ত আচমকাই একটি মাংসের দোকান থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে রাস্তার ধারে থাকা এক পথ কুকুরের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুকুরটির।
ঘটনাটি চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তারা অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ ও একটি পশুপ্রেমী সংগঠন। এরপর রঞ্জিত দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। মৃত কুকুরটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। কেন এই নৃশংস ঘটনা ঘটলো, তার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।