শিলিগুড়ি : পুলিশের তৎপরতায় অবশেষে দুই বছর আগে চুরি হয়ে যাওয়া নিজের স্কুটি ফিরে পেলেন শিলিগুড়ির এক বাসিন্দা। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই খুশির আবহ তৈরি হয়েছে পরিবারে।
জানা গিয়েছে, ২০২৪ সালের ২৭ মার্চ শিলিগুড়ির সেবক রোডে নিজের দোকানের সামনে স্কুটি রেখে কাজে ব্যস্ত ছিলেন মনোজ কুমার জৈন নামে এক ব্যক্তি। কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এসে দেখেন তার স্কুটিটি উধাও। এরপরই তিনি শিলিগুড়ির পানিট্যাংকি ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পর দীর্ঘ দুই বছর কেটে যায়। ধীরে ধীরে হারানো স্কুটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন মনোজবাবু। তবে অবশেষে বৃহস্পতিবার সকালে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হয় সেই স্কুটি।
পুলিশ সূত্রে খবর, এনজেপি থানার অন্তর্গত ফুলবাড়ী ক্যানেল রোড সংলগ্ন একটি জঙ্গলের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় স্কুটিটি উদ্ধার করা হয়। পরে গাড়ির কাগজপত্র খতিয়ে দেখে মালিকের মোবাইল নম্বর সংগ্রহ করে তার সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
হঠাৎ করেই নিজের হারিয়ে যাওয়া স্কুটি উদ্ধারের খবর পেয়ে অবাক হয়ে যান মনোজ কুমার জৈন। খবর পাওয়া মাত্রই তিনি ছুটে আসেন এনজেপি থানায়। দীর্ঘ দুই বছর পর নিজের স্কুটি ফিরে পেয়ে তিনি শিলিগুড়ি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।