শিলিগুড়ি শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন পুর নিগমের নতুন প্রশাসক আর. বিমলা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নবনিযুক্ত পুর কমিশনারও। সকালবেলায় আবর্জনা পরিষ্কারের কাজ কীভাবে চলছে, তা সরেজমিনে দেখতেই এই পরিদর্শন করা হয়।
পরিদর্শনের সময় রাস্তার ধারে এবং বিভিন্ন স্থানে খোলা অবস্থায় আবর্জনা ফেলে রাখা দেখতে পেয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রশাসক। তিনি জানতে চান, দীর্ঘদিন ধরেই কি এভাবেই রাস্তার উপর আবর্জনা ফেলে রাখা হতো এবং পরে তা পরিষ্কার করা হতো? শহরের সৌন্দর্য ও স্বাস্থ্যবিধির ক্ষেত্রে এমন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলেই মন্তব্য করেন তিনি।
এদিন পুর কমিশনারও বিষয়টি নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী দিনে কোনওভাবেই রাস্তার উপর এভাবে আবর্জনা ফেলে রাখা যাবে না। আবর্জনা সংগ্রহ ও অপসারণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ করতে হবে। শহরকে পরিচ্ছন্ন রাখতে পুর নিগমের কর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
পুর কমিশনার সতর্ক করে বলেন, নির্দেশ অমান্য করলে বা পরিচ্ছন্নতা বজায় রাখতে গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। নতুন প্রশাসনের এই পদক্ষেপে শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থায় আরও শৃঙ্খলা আসবে বলেই মনে করছেন নাগরিকরা।