জলপাইগুড়ি: খেলার ময়দান থেকে অবসর নেওয়ার পরেও দুঃসংবাদ পিছু ছাড়ল না ভারতের তারকা অ্যাথলিট স্বপ্না বর্মনের। এশিয়াডে দেশকে সোনা এনে দেওয়া এই অ্যাথলিটের ডোপ টেস্টের রিপোর্টে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি মিলেছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁকে সাময়িকভাবে নির্বাসিত করেছে জাতীয় ডোপ-বিরোধী সংস্থা।
রক্তের নমুনায় মিলল নিষিদ্ধ স্টেরয়েড
সূত্রের খবর, স্বপ্নার রক্তের নমুনায় নিষিদ্ধ অ্যানাবোলিক-অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড ‘বোল্ডেনন’-এর উপস্থিতি পাওয়া গিয়েছে। বিষয়টি সামনে আসতেই অ্যাথলেটিক্স মহলে শুরু হয়েছে চর্চা। তবে তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্বপ্না খেলাধুলা সংক্রান্ত কোনও কার্যকলাপে যুক্ত থাকতে পারবেন না বলে জানা গিয়েছে।
এশিয়াডে সোনা এনে নজির
জলপাইগুড়ির স্বপ্না বর্মন ভারতীয় অ্যাথলেটিক্সের অন্যতম পরিচিত মুখ। এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জিতে তিনি দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি করেছিলেন। তাঁর সাফল্যে গর্বিত হয়েছিল গোটা উত্তরবঙ্গ। কঠিন আর্থিক পরিস্থিতি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে উঠে আসার কাহিনিও তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছিল।
রাজনীতিতে যোগ, একের পর এক ধাক্কা
খেলা থেকে অবসর নেওয়ার আগে রাজনীতিতে যোগ দিয়েছিলেন স্বপ্না। নির্বাচনে পরাজয়ের পর তাঁকে কার্যত জনজীবন থেকে আড়ালে চলে যেতে দেখা যায়। এর মধ্যেই চাকরি হারানো, বাবার মৃত্যু, নির্বাচনে পরাজয় এবং বাড়িতে অগ্নিকাণ্ডের মতো একাধিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
অবসরের পর নতুন বিতর্ক
এরই মধ্যে এবার ডোপ টেস্টে ব্যর্থতার খবর সামনে আসায় তাঁর কেরিয়ার ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। যদিও স্বপ্না ইতিমধ্যেই খেলাধুলা থেকে অবসর ঘোষণা করেছেন, তবুও ডোপ-বিরোধী সংস্থার তদন্তের ফলাফলের দিকে এখন নজর ক্রীড়ামহলের। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।