শিলিগুড়ি,২২ মে: শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভালোবাসা মোড় এলাকায় দোকানের চাল কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে একটি মুদিখানা দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢুকে চলে ব্যাপক লুটপাট। শুক্রবার সকালে প্রতিদিনের মতো দোকান খুলতে এসে দোকান মালিক আনন্দ সাহা দেখেন দোকানের ভিতরে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। এরপরই চুরির ঘটনা সামনে আসে ।
দোকানের ক্যাশবাক্সে থাকা কয়েক হাজার টাকা পাশাপাশি দোকানে থাকা বেশ কিছু কার্টুন তেল-সহ একাধিক সামগ্রীও চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। ঘটনায় রীতিমতো হতবাক হয়ে পড়েন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ পৌঁছে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক আনন্দ সাহা।
দোকান মালিকের অভিযোগ, এলাকায় আগে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও প্রায় এক বছর আগে সেগুলি খুলে নেওয়া হয়। এরপর থেকেই এলাকায় চুরি ও দুষ্কৃতী কার্যকলাপ বেড়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, সিসিটিভি নজরদারি না থাকায় চোরেরা সুযোগ নিচ্ছে।