শিলিগুড়ি,30 জুন: সোমবার গভীর রাতে ভক্তিনগর অ্যান্টি-ক্রাইম উইং একটি বড়সড় চুরির চেষ্টা নস্যাৎ করে দেয়। সেবক রোডে একটি সোনার গয়নার শোরুমে চুরির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় দুই মূল অভিযুক্তকে।
ধৃতদের পরিচয় ধর্মেন্দ্র সাহানি এবং গৌতম কুমার।
পুলিশ সূত্রে জানা গেছে, দু’জনেই বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গতকাল গভীর রাতে শোরুমের মালিক সিসিটিভি ফুটেজে দেখতে পায় দোকানের ভেতরে দুষ্কৃতী প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি ভক্তিনগর থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চুরির সময়ই দুই অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায়, দুষ্কৃতীরা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়েছিল। একজন দোকানের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, যাতে কেউ এলে আগাম সতর্ক করা যায়। অন্যজন দোকানের ভিতরে ঢুকে কাউন্টার তছনছ করে সোনার গয়না সংগ্রহ করছিল।
পুলিশ প্রথমে দোকানের বাইরে পাহারায় থাকা অভিযুক্তকে আটক করে। এরপর দোকানের ভিতরে ঢুকে অপর অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয় চুরি করা সমস্ত গয়না।
মঙ্গলবার গয়নার দোকানের মালিক ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । ধৃত দের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।