শিলিগুড়ি,৩০ জুন: শহরের নাগরিক পরিষেবার বেহাল অবস্থার প্রতিবাদে ১১ দফা দাবি জানিয়ে শিলিগুড়ি পুর নিগম অভিযান সংগঠিত করল সিপিআইএম। মঙ্গলবার অনিল বিশ্বাস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শিলিগুড়ি পুর নিগমের দিকে অগ্রসর হয়।
মিছিলটি পুর নিগমের মূল গেটে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পুর কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ১১ দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেয়।
এদিন পুর নিগম বাইরে একটি পথসভাও আয়োজন করা হয়। সেখানে বক্তারা শহরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।
সিপিআইএমের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যা, যত্রতত্র আবর্জনার স্তূপ, বেহাল রাস্তা-ঘাট এবং নিকাশি ব্যবস্থার দুরবস্থা চরম আকার ধারণ করেছে। এই সব সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।